লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। শনিবার দুপুর ১২টায় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় এমপি আবুল খায়ের ভূঁইয়া এই ঘটনাকে ‘অত্যন্ত হৃদয়বিদারক ও ন্যক্কারজনক’ উল্লেখ করে বলেন, নিহত পরিবারের একমাত্র জীবিত সদস্য সিফাতের পাশে সম্মিলিতভাবে সবাই থাকবে। তার ভবিষ্যৎ যাতে অনিশ্চিত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, রায়পুরে পাঁচজন নিহত হওয়ার এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা না করে। এটিকে রাজনীতির বিষয় না করে একটি ‘মানবিক বিপর্যয়’ হিসেবে উল্লেখ করে তিনি দল-মতনির্বিশেষে সবাইকে নিহত পরিবারের প্রতি সহমর্মিতা দেখানো এবং দ্রুত বিচার নিশ্চিত করতে সহযোগিতার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৫ জুন সকালে রায়পুর পৌর শহরের একটি ভাড়া বাসায় ঢুকে শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজো মেয়ে ইকরা আক্তার (১৭) ও ছোট মেয়ে শিফা আক্তারকে (৯) কুপিয়ে হত্যা করা হয়। এই পাশবিক হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে অভিযুক্ত অন্তর মজুমদারও নিহত হন।
এই নৃশংস ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং দোষীদের বিচারের আওতায় আনতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।
রিপোর্টারের নাম 





















