বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুরের বিরুদ্ধে ভুয়া পিএইচডি ডিগ্রি ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগের সত্যতা যাচাই করতে ৫ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
তদন্ত কমিটিকে সুব্রত কুমার বাহাদুরের পিএইচডি ডিগ্রির আবেদনপত্র, সংশ্লিষ্ট নথিপত্র এবং চাকরিতে যোগদানের সময় দাখিল করা সকল সনদ যাচাই-বাছাই করে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি কোনো বৈধ সনদ ছাড়াই দীর্ঘ দিন ধরে নিজের নামের সঙ্গে ‘পিএইচডি’ পদবি ব্যবহার করে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিনকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























