কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন চলাকালে চোরাকারবারিদের হামলায় স্কুলছাত্র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। পিস্তলটিতে ছয় রাউন্ড গুলি ভর্তি ছিল। এই ঘটনায় জড়িত সন্দেহে শ্রাবণ নামের একজনকে আটক করা হয়েছে, যার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কাটাবিল এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি তৌহিদুল আনোয়ার জানান, হামলায় আরও পিস্তল ব্যবহৃত হয়েছে এবং প্রধান আসামি অপুসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপুর বিরুদ্ধে প্রায় দশটি মামলা রয়েছে। একই গ্রুপের সাব্বিরের বিরুদ্ধেও একাধিক মামলা আছে। এদিকে, গুলিবিদ্ধ ইথান আহমেদ প্রেম (১২) এর বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার গভীর রাতে কোতোয়ালি মডেল থানায় মাদক কারবারি সাব্বির, অপুসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আটক শ্রাবণের নাম মামলার অভিযোগে না থাকলেও, ঘটনার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, গুলিবিদ্ধ স্কুলছাত্র প্রেমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলেও তার শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি। প্রেমের বাবা ইউনুস মিয়া শুক্রবার বিকেলে মুঠোফোনে জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা গুলি বের করতে ব্যর্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ঢামেকে অপারেশনের জন্য নেওয়া হলেও গুলি বের করা সম্ভব হয়নি। গুলির ক্ষতস্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে এবং তাকে নিয়মিত রক্ত দিতে হচ্ছে। শুক্রবার বিকেলের দিকে বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে, তবে কখন গুলি বের করা হবে তা চিকিৎসকরা নিশ্চিত নন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচিতে হামলা চালায় চোরাকারবারিরা। এ সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে, যাতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহম্মেদ প্রেমসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রেম কাটাবিল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং নগরীর কাঁটাবিল এলাকার বাসিন্দা মো. ইউনুস মিয়ার ছেলে।
রিপোর্টারের নাম 





















