লক্ষ্মীপুরের রামগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে সামিয়া আক্তার (২৭) নামের এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামিয়ার মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর পর তার লাশ হাসপাতালের মর্গে রেখেই অভিযুক্ত স্বামী কৌশলে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিহত সামিয়া আক্তার রামগঞ্জ উপজেলার জয়নগরের দেলোয়ার হোসেনের বড় মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্বামী হাফিজ এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ প্রকৃতির লোক। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া এলাকার মেয়েদের উত্যক্ত করারও বহু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আগেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। তিনি আরও জানান, ঢাকার শেরেবাংলা নগর থানা থেকে তারা একটি চিঠি পেয়েছেন, যেখানে একজন নারীর বিষক্রিয়ায় মৃত্যুর বিষয়ে সুরতহাল ও ময়নাতদন্তের কথা উল্লেখ রয়েছে। রামগঞ্জ থানা শেরেবাংলা নগর থানাকে সুরতহাল রিপোর্টসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর জন্য পাল্টা চিঠি পাঠিয়েছে। নথিপত্র হাতে পেলেই তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 





















