খুলনার কয়রা উপজেলায় সুন্দরবন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই বাহিনীর’ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে সাকাত সরদার (৬০) নামে এক দস্যু নিহত হয়েছেন এবং রবিউল ইসলাম (৫০) নামে অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সুন্দরবনের গহীনে এই গোলাগুলির ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহত দুজনকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাকাত সরদারকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ রবিউল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত সাকাত সরদার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কোস্ট গার্ড সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিকভাবে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দস্যু বাহিনীর সংঘর্ষের ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে। তবে ঘটনার বিস্তারিত এবং কোন বাহিনীর সাথে সুনির্দিষ্টভাবে সংঘর্ষ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোস্ট গার্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
রিপোর্টারের নাম 





















