যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে ৫.৬ মাত্রার একটি মাঝারি শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে ক্যালিফোর্নিয়ার রেডউড ভ্যালি এলাকা ছিল এই কম্পনের কেন্দ্রস্থল। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, উত্তরের ইউরেকা থেকে শুরু করে দক্ষিণ-পূর্বের স্যাক্রামেন্টো পর্যন্ত বিস্তীর্ণ এলাকার মানুষ তীব্র কম্পন অনুভব করেছেন।
ভূমিকম্পের পরপরই মেন্ডোসিনো কাউন্টির প্রায় ৭ হাজার ৪০০ ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে বলে জানিয়েছে ইউটিলিটি ট্র্যাকিং ওয়েবসাইট ‘পাওয়ারআউটেজ ডট কম’। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় বেশ কিছু আফটারশক বা অনুকম্পন অনুভূত হয়েছে, যা আগামী কয়েক দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
আধুনিক প্রযুক্তির সুবাদে এবার অনেক মানুষ কম্পন শুরু হওয়ার আগেই সতর্কবার্তা পেয়েছিলেন। ইউএসজিএসের ‘শেকঅ্যালার্ট’ ব্যবস্থার মাধ্যমে প্রায় সাড়ে ৬ লাখ মানুষের স্মার্টফোনে আগাম বার্তা পাঠানো হয়। সানফ্রান্সিসকোর বাসিন্দারা প্রায় ৩৫ সেকেন্ড আগে এই সতর্কবার্তা পেয়েছিলেন, যা তাদের নিরাপদ স্থানে সরে যেতে সাহায্য করেছে। ইউসি বার্কলে সিসমোলজি ল্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ‘মাইশেক’ অ্যাপটি সফলভাবে কাজ করেছে এবং দ্রুততম সময়ে মানুষকে সতর্ক করতে সক্ষম হয়েছে।
রিপোর্টারের নাম 






















