ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত ভেনিজুয়েলায় আঘাত হেনেছে শক্তিশালী জোড়া ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূগর্ভস্থ প্লেটগুলোর দ্রুত নড়াচড়া বা ‘স্ট্রাইক-স্লিপ ফল্টিং’ প্রক্রিয়ার কারণে এই ভূকম্পন সৃষ্টি হয়েছে। প্লেট দুটির সীমানার কাছাকাছি অগভীর স্তরে এই ফাটল সৃষ্টি হওয়ায় কম্পনের তীব্রতা ছিল অনেক বেশি।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির বিস্তীর্ণ অঞ্চল। বিশেষ করে কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে দ্বিতীয় ঝাঁকুনিটি সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ট্রুহিলো, কারাবাও, মিরান্ডা ও লা গুয়াইরাসহ বেশ কিছু রাজ্যে অসংখ্য ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।
ইউএসজিএস এক সতর্কবার্তায় জানিয়েছে, এই বিপর্যয়ে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা ৪৪ শতাংশ এবং ১ লাখ ছাড়ানোর শঙ্কা রয়েছে ৩০ শতাংশ। ক্ষতিগ্রস্ত এলাকার অধিকাংশ ঘরবাড়ি মাটি ও কাঁচা ইট দিয়ে তৈরি হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। বর্তমানে দেশটিতে জরুরি অবস্থা জারির প্রক্রিয়া চলছে এবং আরও শক্তিশালী আফটারশকের আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























