সারাদেশে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সদর উপজেলা বিএনপি। বুধবার বেলা ১১টার দিকে শহরের পাঁচুড়িয়া এলাকা থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হলে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি প্রশাসনের প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখার দাবি জানান। এছাড়া সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়েরসহ স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিতকারী কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























