যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন ‘ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (বিবিসিসিআই) প্রেসিডেন্ট পদে সিলেটের কৃতি সন্তান মহিব চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার লন্ডনে বিবিসিসিআই কনফারেন্স হলে নির্বাচন কমিশন নবনির্বাচিত কমিটির নাম ও ফলাফল ঘোষণা করে। এ সময় আনুষ্ঠানিকভাবে মহিব চৌধুরীর নাম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুবাজপুরের বাসিন্দা মহিব চৌধুরী লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং সাপ্তাহিক নতুন দিন পত্রিকার সাবেক সম্পাদক হিসেবেও পরিচিত।
নবনির্বাচিত কার্যকরী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. সানাওয়ার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আবদুল ওয়াছে চৌধুরী, ডাইরেক্টর জেনারেল মুসলেহ আহমেদ, ডেপুটি ডাইরেক্টর জেনারেল আবদুল মুমিন, ফাইন্যান্স ডাইরেক্টর আবুল কালাম আজাদ ও মেম্বারশিপ ডাইরেক্টর মোস্তফা আহমেদ লাকি।
নবনির্বাচিত কমিটি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐক্যবদ্ধ, গতিশীল এবং অগ্রগতিমুখী বিবিসিসিআই গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে। বিবিসিসিআই দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নবনির্বাচিত প্রেসিডেন্ট মহিব চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, চেম্বারের সহকর্মী ডাইরেক্টরদের আস্থা ও সমর্থনের জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি অঙ্গীকার করেন, সবাই মিলে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর বিবিসিসিআই গড়ে তুলতে কাজ করবেন, যা সদস্যদের স্বার্থ রক্ষা করবে এবং আগামী প্রজন্মের উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
রিপোর্টারের নাম 

























