কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার একই গ্রামের পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারগুলোতে চলছে আহাজারি ও শোকের মাতম।
নিহত পাঁচজনই কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। তারা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ১০টার (বাংলাদেশ সময় দুপুর দেড়টা) দিকে আল শাহানিয়া শহরের সামাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ভারতীয় গাড়ি চালকও নিহত হয়েছেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আমরা তাদের পরিবারের সাথে কথা বলেছি। কাতারে সকল প্রক্রিয়া শেষে লাশ দেশে আসামাত্র পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে কবে নাগাদ লাশ দেশে ফিরতে পারে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
রিপোর্টারের নাম 



















