খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিজ বাড়ির আঙিনায় কাজ করার সময় গাছ পড়ে এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বলিটিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম স্বপ্না সাহা (৫০)। তিনি স্থানীয় ব্যবসায়ী ননী সাহার স্ত্রী বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে আমসত্ত্ব শুকাতে দিয়েছিলেন স্বপ্না সাহা। এ সময় হঠাৎ একটি পুরনো ও শুকনো নারিকেল গাছ তার ওপর ভেঙে পড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি গাছের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছিল। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাছ ভেঙে পড়ে মৃত্যুর বিষয়টি তারা অবগত হয়েছেন। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























