বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, দেশের সমুদ্রসীমা রক্ষা, সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রোববার সকালে চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে (বিএনএ) মিডশিপম্যান এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৬ ব্যাচের ‘গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য প্রশিক্ষণার্থীদের মাঝে পদক বিতরণ করেন। এর মধ্যে মিডশিপম্যান মো. ইনতিসার ইসলাম ইনান ‘সোর্ড অব অনার’ এবং মিডশিপম্যান সাদমান সাকিব পান্থ ‘নৌ প্রধান স্বর্ণপদক’ লাভ করেন। এছাড়া প্যালেস্টাইন আর্মির জাহিদ সালাহ সেরা চৌকস বিদেশি মিডশিপম্যান হিসেবে ‘বিএনএ আন্তর্জাতিক স্বর্ণ পদক’ অর্জন করেন।
নৌপ্রধান তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে নৌবাহিনীর নিজস্ব শিপইয়ার্ড ও ডকইয়ার্ডগুলোতে দেশীয় প্রযুক্তিতে যুদ্ধজাহাজ ও নৌযান নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে লার্জ পেট্রোল ক্রাফট, সার্ভে ভেসেল ও অন্যান্য নৌযান নির্মাণের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলো থেকে ড্রোন, আধুনিক যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার সংযোজনের প্রক্রিয়া চলমান রয়েছে। এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ৬১ জন নবীন কর্মকর্তা নৌবাহিনীতে কমিশন লাভ করেন।
রিপোর্টারের নাম 
























