ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নুশরাত জাহান ইতি (২৫) নামের এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার লাশ দাফনের সময় পুলিশ এসে সেটি আটকে দেয় এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
পারিবারিক সূত্র জানায়, স্বামী-পরিত্যক্তা ইতি রাণীশংকৈল উপজেলার টিএন্ডটি সংলগ্ন এলাকার মৃত আজগর আলীর কন্যা। তিনি ঠাকুরগাঁও শহরের বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন ইয়াসিন আলীর বাড়িতে ভাড়া থাকতেন। গত কয়েকদিন ধরে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও সাড়া না পাওয়ায় স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
পরে ইতির ভগ্নিপতি ঠাকুরগাঁওয়ে গিয়ে তার ভাড়া বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ইতির ঝুলন্ত লাশ দেখতে পান। পরবর্তীতে লাশ দাফনের উদ্দেশ্যে রাণীশংকৈলে নিয়ে আসা হয়।
এদিকে, দাফনের প্রস্তুতির সময় খবর পেয়ে পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় দাফন কার্যক্রম স্থগিত করে। লাশটি ঠাকুরগাঁও সদর থানার মাধ্যমে মর্গে পাঠানো হয়েছে। রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য সদর থানার কাছে রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী নিশ্চিত করেন যে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে।
রিপোর্টারের নাম 






















