ফেনীতে মাদকবিরোধী অভিযানে জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী মো: মামুন (৬১) এবং তার সহযোগী মো: আবুল হোসেন (৪৬) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি দল শহরের দাউদপুল সংলগ্ন ফাইভ স্টার হোটেলের সামনে থেকে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃত মামুন ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের আবুল হাসেমের ছেলে। তার সহযোগী আবুল হোসেন চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের সাত ঘরিরা গ্রামের আবদুস সালামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, ফাইভ স্টার হোটেলের সামনে মো. মামুনকে তল্লাশি করে ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামুনের সঙ্গে তার সহযোগী মো. আবুল হোসেনকেও আটক করা হয়। অভিযানকালে ১টি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।
ফেনী জেলা তাঁতীদলের আহ্বায়ক ছরওয়ার জাহান শ্রাবন জানান, মো. মামুন যুগ্ম আহ্বায়ক পদে ফরম জমা দিয়েছেন, যা এখনো ওইভাবে জমা রয়েছে। এর মাধ্যমে তার পদপ্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
রিপোর্টারের নাম 
























