মেহেরপুরের সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্ত এলাকা দিয়ে শুক্রবার ভোরে চারজন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১৬-এর কাছাকাছি শূন্যরেখার ওপারে এই ঘটনা ঘটে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানের কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ভোরে সীমান্তের নো ম্যানস ল্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে চারজনকে অবস্থান করতে দেখা যায়। তারা কাঁটাতারের ওপারে ভারতীয় অংশে ছিলেন। কিছুক্ষণ পর তারা সেখান থেকে সরে গেলে আর তাদের খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ওই চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী ছিলেন, তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
বিজিবির কঠোর নজরদারি ও অবস্থানের কারণে পুশইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। পরে সীমান্ত এলাকার গ্রামবাসীরাও বিজিবির সঙ্গে অবস্থান নেন এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে একযোগে কাজ করার আশ্বাস দেন।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এই ঘটনা নিশ্চিত করে বলেন, “ভোরে মেহেরপুর সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবির কঠোর অবস্থানের কারণে তা প্রতিহত করা সম্ভব হয়েছে। বর্তমানে সীমান্তে নজরদারি জোরদার রয়েছে।” তবে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি এখনো পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 























