নোয়াখালীর চাটখিলে পুকুরে পানি সেচের মোটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামের মুনছুর মেম্বারের বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৩৫) এবং তাদের আট বছর বয়সী ছেলে রাহুল। এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকজনের মালিকানাধীন একটি পুকুরে মোটর দিয়ে পানি সেচ দেওয়া হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত রাহুল মোটরের বিদ্যুতের তারে স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে উদ্ধার করতে মা অঞ্জনা রানী ঘোষ দ্রুত এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে প্রাণ হারান।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 

























