রংপুরে চিহ্নিত মাদক কারবারি ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আঞ্জুমান আক্তার শিউলিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। রসিক ২৫ নম্বর ওয়ার্ডের শালবন মিস্ত্রিপাড়া যুব সামাজিক সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর এই কর্মসূচি পালিত হয়।
নগরীর আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইন্দিরা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘শিউলি হটাও, দেশ বাঁচাও’, ‘মাদক সম্রাজ্ঞী শিউলিকে গ্রেপ্তার করতে হবে’ ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে এলাকা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আঞ্জুমান আক্তার শিউলি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও নানা অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। তার এসব কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ ও সাধারণ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাবাসীর তীব্র প্রতিবাদের মুখে তিনি একসময় এলাকা ছাড়তে বাধ্য হলেও, সম্প্রতি আবারও ফিরে আসার চেষ্টা করছেন বলে বক্তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও সামাজিক পরিবেশ বজায় রাখার স্বার্থে শিউলির বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন ‘শিউলি হটাও আন্দোলন কমিটি’র সভাপতি ও পূর্ব শালবন জামে মসজিদের সভাপতি এনামুল হক হাজী, রসিক ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরনবী ফুলু, রেভিটা বাংলাদেশের বিভাগীয় আহ্বায়ক ও সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসনা এবং পূর্ব শালবন জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
সাবেক কাউন্সিলর নুরনবী ফুলু বলেন, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার। আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিক, যাতে এলাকার স্বাভাবিক পরিবেশ বজায় থাকে।
সভাপতির বক্তব্যে এনামুল হক হাজী বলেন, আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নই, মাদক ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এলাকার শান্তি, নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
রিপোর্টারের নাম 
























