নেত্রকোণার কেন্দুয়ায় ৩০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার জাতীয় পতাকা নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন ফুটবল সমর্থকরা। শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমর্থকরা তাদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী শতাধিক সমর্থক আর্জেন্টিনার জার্সি পরে, হাতে পতাকা ও ব্যানার নিয়ে প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। তারা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের প্রতি নিজেদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটান। শোভাযাত্রাটি কেন্দুয়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পুরো আয়োজনকে ঘিরে ফুটবল-প্রেমীদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পথচারী ও স্থানীয় বাসিন্দারাও এই ব্যতিক্রমী দৃশ্য উপভোগ করেন।
আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন জানানোর উদ্দেশ্যেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে। ৩০০ ফুট দীর্ঘ পতাকা বহন করে তারা উপজেলার ফুটবল-প্রেমীদের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চেয়েছেন। শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ ও ভালোবাসার নাম। আর্জেন্টিনার প্রতি সেই ভালোবাসার প্রকাশ হিসেবেই তারা এই আয়োজন করেছেন। স্থানীয় ক্রীড়া-প্রেমীরা মনে করেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।
রিপোর্টারের নাম 

























