বিশ্ব বাবা দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী আছিয়া ইসলাম দোলার নতুন মিউজিক ভিডিও ‘বাবার ছায়া’ প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন তারেক আনন্দ এবং সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। এটি শিল্পী দোলার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘আছিয়া ইসলাম দোলা’ থেকে প্রকাশ করা হয়েছে।
বাবাকে হারানোর দুই বছর পর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গানটি তৈরি করেছেন দোলা। তিনি জানান, বাবা হারানোর পর গীতিকার তারেক আনন্দের সঙ্গে বাবার অনেক স্মৃতি নিয়ে কথা বলতেন এবং একপর্যায়ে তাকে বাবাকে নিয়ে গান লেখার অনুরোধ করেন। নিজের ও বাবার জীবনের গল্প শুনে অনুপ্রাণিত হয়ে তারেক আনন্দ চমৎকার এই লিরিকটি পাঠান, যা দোলা তার জীবনের একটি প্রামাণ্য চিত্র হিসেবে উল্লেখ করেন। ভিডিওর শেষে বাবা বেঁচে আছেন এমন ব্যক্তিদের জন্য একটি বিশেষ বার্তা এবং বাবার সঙ্গে তার শেষ ফোনালাপের অডিও স্মৃতি হিসেবে যুক্ত করা হয়েছে।
সুরকার কিশোর দাস বলেন, গানটির কথাগুলো খুব সুন্দর এবং দোলা তার সর্বোচ্চ দিয়ে গেয়েছে। কথার সঙ্গে মিলিয়ে একটি হৃদয়স্পর্শী সুর ও সংগীতায়োজন করার চেষ্টা করেছেন তিনি। গীতিকার তারেক আনন্দ জানান, বাবা হারানো সন্তানদের ভেতরের শূন্যতা ও আবেগ জড়ানো ভালোবাসা প্রকাশের চেষ্টা থেকেই গানটি লেখা হয়েছে।
রিপোর্টারের নাম 

























