সিন্ধু পানি বণ্টন চুক্তি লঙ্ঘনের অভিযোগে ভারতের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে পাকিস্তান। চুক্তি লঙ্ঘনের বিষয়টি আমলে নিতে এবং এর বিপজ্জনক প্রভাব সম্পর্কে সতর্ক করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। নয়াদিল্লির এই পদক্ষেপ পাকিস্তানের পানি নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি সৃষ্টি করছে বলে তিনি উল্লেখ করেন।
জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ, উপ-প্রধানমন্ত্রী দারের পক্ষে নিরাপত্তা পরিষদের সভাপতি লিওনর জালাবাতা তোরেসের কাছে এই চিঠি হস্তান্তর করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রদূত জানান, চিঠিতে চেনাব নদীর পানি প্রত্যাহার করে নেওয়ার উদ্দেশ্যে নির্মিত ভারতের দুটি প্রকল্পের প্রতি নিরাপত্তা পরিষদের জরুরি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
রাষ্ট্রদূত আরও বলেন, এই প্রকল্পগুলোর বিপজ্জনক প্রভাব পাকিস্তানের পানি, খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপরও পড়ছে। পাকিস্তান মনে করে, ভারতের এই চুক্তি লঙ্ঘন আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এর ফলে সৃষ্ট পরিস্থিতি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি বিঘ্নিত করতে পারে।
রিপোর্টারের নাম 






















