বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে, অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের জন্য কোচ লিওনেল স্কালোনির একাদশে অন্তত দুটি পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, কোচ প্রথম ম্যাচের একাদশ নিয়ে নতুন করে ভাবছেন, বিশেষ করে আক্রমণভাগে বড় পরিবর্তন আসতে পারে।
আলজেরিয়ার বিপক্ষে পুরো ম্যাচ না খেললেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দারুণ প্রভাব ফেলেছিলেন হুলিয়ান আলভারেজ। বাঁ গোড়ালির চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ওঠায় এই ফরোয়ার্ড এবার শুরুর একাদশে জায়গা পেতে পারেন। তার পরিবর্তে প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকা লাউতারো মার্তিনেজের স্থান পরিবর্তন হতে পারে। মিডফিল্ডেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। থিয়াগো আলমাদা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় তার জায়গায় নিকোলাস গনসালেসকে দেখা যেতে পারে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গনসালেস আর্জেন্টিনার আক্রমণে গতি ও বৈচিত্র্য এনেছিলেন। লেফট-ব্যাক পজিশনে অবশ্য পরিবর্তনের সম্ভাবনা কম। ফাকুন্দো মেদিনা প্রথম ম্যাচে দায়িত্ব ভালোভাবে পালন করায়, নিকোলাস তাগলিয়াফিকো পুরোপুরি ফিট থাকলেও তাকে এখনই শুরুর একাদশে ফেরানোর তাড়াহুড়ো করছে না টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে, অস্ট্রিয়ার বিপক্ষে স্কালোনির দলকে কিছুটা ভিন্ন রূপে দেখার সম্ভাবনা রয়েছে, যেখানে আক্রমণে নতুন গতি এবং মিডফিল্ডে ভিন্ন সমীকরণ দেখা যেতে পারে।
সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গনসালেস; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
রিপোর্টারের নাম 

























