জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলো রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইস্রাফিল (৭) এবং একই এলাকার শামীম মিয়ার ছেলে ওসমান গনি (৮)।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র গরমের কারণে বৃহস্পতিবার দুপুরে তিন শিশু একসঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে ইস্রাফিল ও ওসমান গনি নদীর প্রবল স্রোতে তলিয়ে যায়।
অপর শিশুটি স্বজন ও স্থানীয় লোকজনকে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুদের সন্ধানে অভিযান শুরু করে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং যমুনার তীরে স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে নিরলসভাবে কাজ করছে। এ সংবাদ লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল।
রিপোর্টারের নাম 

























