কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের চালক মিজানুর রহমান ভূঁইয়া (৫৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাতিসা-বসন্তপুর রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান দেবীদ্বার উপজেলার ঘোষঘর গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী-ট-১১-০২৪০ নম্বরের একটি ট্রাক কোনো সতর্কীকরণ সংকেত ছাড়াই মহাসড়কের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী ইউনিক পরিবহনের ঢাকা মেট্রো-ব-১২-২১৫৭ নম্বরের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে বাসটি সড়কের বাম দিকে এবং ট্রাকটি ডান দিকে ছিটকে পড়ে। এতে উভয় যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বাসচালক গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাস জব্দ করেছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























