ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হওয়ার পর পারস্য উপসাগরীয় অঞ্চলে এর ইতিবাচক প্রভাব দৃশ্যমান হতে শুরু করেছে। মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের পর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে ইতোমধ্যে ইরানের ১১টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তি সমঝোতার খসড়া চূড়ান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গত বৃহস্পতিবার (১৮ জুন) এসব জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। এর মধ্যে আটটি পণ্যবাহী জাহাজ ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে। একই সময়ে আন্তর্জাতিক নৌপথ থেকে তিনটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি হয়ে ইরানের জলসীমায় ঢুকেছে।
নতুন এই সমঝোতার শর্ত অনুযায়ী, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানকে লক্ষ্য করে আরোপ করা মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদ ও শুল্কমুক্ত যাতায়াতের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।
বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া আঞ্চলিক বাণিজ্য এবং বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রভাব ফেলবে।
রিপোর্টারের নাম 

























