নেত্রকোনার মদন উপজেলায় বজ্রপাতের এক মর্মান্তিক ঘটনায় রাজিব মিয়া (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার কাইটাইল ইউনিয়নের গণেশ হাওরে এই ঘটনা ঘটে। নিহত রাজিব জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে এবং পেশায় একজন ইটভাটা শ্রমিক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে রাজিব তার বাড়ির নিকটবর্তী গণেশ হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় আকস্মিকভাবে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত রাজিবের পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি পরিবারের আট সদস্যের মধ্যে একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন এবং তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম এই ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন এবং সরকারিভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
রিপোর্টারের নাম 

























