ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বুধবার বিকেল ৫টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন মাসুদ রানা (৩০), যিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অপর নিহত শ্রমিক সিয়াম (৩৫) ঝিনাইদহের বাসিন্দা। ভবন নির্মাণ কাজের সূত্রে তারা ময়মনসিংহ শহরে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কলেজ রোড এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবনের আটতলায় লিফট স্থাপনের কাজ করছিলেন একদল শ্রমিক। এ সময় হঠাৎ করেই দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
ভবনের মালিক ডা. বেলাল জানিয়েছেন, ভবন নির্মাণের জন্য ঠিকাদারকে সব প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়েছে। শ্রমিক নিয়োগ ও তাদের তদারকির দায়িত্ব ঠিকাদারের।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ দুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 

























