জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত অন্যতম সর্বোচ্চ একাডেমিক স্বীকৃতি ‘ডিন’স অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠানের ব্যানারে স্পষ্ট বানান ভুল এবং আয়োজনে নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের এই মর্যাদাপূর্ণ আয়োজন ঘিরে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘ডিন’স অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। এছাড়া বিশ্ববিদ্যালয় উপাচার্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
সরেজমিনে দেখা যায়, উপাচার্য ভবন ও শহীদ রফিক ভবনের সামনে টানানো ডিন’স অ্যাওয়ার্ড–২০২৬-এর একাধিক ব্যানারে ইংরেজি মাস ‘June’-এর পরিবর্তে ভুল করে ‘Jnue’ লেখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একাডেমিক সম্মাননা অনুষ্ঠানের ব্যানারে এমন স্পষ্ট বানান ভুল উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের দৃষ্টিগোচর হলে তা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, জাতীয় পর্যায়ের অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ব্যানারের মতো মৌলিক বিষয়েও যথাযথ তদারকির অভাব ছিল। তাদের মতে, এটি শুধু একটি বানান ভুল নয়, বরং আয়োজকদের দায়িত্বশীলতা ও প্রস্তুতির মান নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে।
এদিকে অনুষ্ঠান ব্যবস্থাপনা নিয়েও নানা অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্টদের দাবি, নির্ধারিত পাস কার্ড ছাড়াই অনেককে মিলনায়তনে প্রবেশ করতে দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত অতিথি ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অনেকেই আসনসংকট এবং অতিরিক্ত ভিড়ের মুখে পড়েন। প্রবেশ নিয়ন্ত্রণ, অতিথি ব্যবস্থাপনা এবং সমন্বয়ের ঘাটতির চিত্রও লক্ষ্য করা গেছে বলে অভিযোগ করেন উপস্থিত শিক্ষার্থীরা।
সামাজিক বিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় একাডেমিক সম্মাননা অনুষ্ঠানে এমন ভুল অত্যন্ত হতাশাজনক। একটি ব্যানারের বানান ভুল হয়তো কারো কাছে ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু এটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও পেশাদারিত্বের প্রতিফলন। এমন আয়োজনের ক্ষেত্রে আরও সতর্কতা ও দায়িত্বশীলতা প্রত্যাশিত।’
রিপোর্টারের নাম 

























