“একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ মনে সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”—এই স্লোগানকে সামনে রেখে রংপুরের কারমাইকেল কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করেছে। মঙ্গলবার দুপুরে কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান। কারমাইকেল কলেজ শাখার সভাপতি মাহমুদুল হক মাসুম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, ইসলামী ছাত্রশিবির একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। তিনি বলেন, বর্তমান বিশ্বে পরিবেশগত যে সংকট চলছে, তা মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি পরিবেশকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলতে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
কর্মী, সাথী ও সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রশিবিরের প্রত্যেক সদস্যকে অন্তত একটি করে ফলজ, বনজ অথবা ঔষধি গাছ রোপণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি নিজ বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা রাস্তার পাশে উপযুক্ত স্থানে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, শুধু গাছ লাগানোই নয়, গাছকে বড় করে তোলা এবং নিয়মিত পরিচর্যা করাও সমান গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষার এই দায়িত্ব কেবল ছাত্রশিবিরের নয়, বরং দেশের প্রতিটি সচেতন নাগরিকের। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 




















