বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ অভিযোগ করেছেন, নতুন সরকারের কাছে জনগণের আকাঙ্ক্ষা ছিল গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের রায়ের মাধ্যমে সংবিধান সংস্কারের। কিন্তু বিএনপি ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে জাতির সঙ্গে বেইমানি করেছে।
বুধবার ফরিদপুর শহর ও জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, ৭১ ভাগ জনগণ সংবিধান সংশোধন নয়, সংস্কারের জন্য গণভোটের রায় দিয়েছে। জনগণের এই মূল্যবান রায় বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দল সংসদের পাশাপাশি রাজপথে আন্দোলন করে যাচ্ছে। তিনি বলেন, আমরা জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে এই দাবি মানতে বাধ্য করব, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, সৎ, দক্ষ ও যোগ্য লোকের অভাবে বাংলাদেশ দুর্নীতি ও দুঃশাসনের কবল থেকে মুক্ত হতে পারছে না। এই অভাব পূরণের দায়িত্ব ছাত্রশিবিরকে নিতে হবে। ছাত্রশিবিরের বিরুদ্ধে অনেক অপপ্রচার করা হয়েছে, কিন্তু এগুলো করে ছাত্রশিবিরকে তার লক্ষ্য থেকে দূরে রাখা যায়নি। তিনি ছাত্রশিবিরের জনশক্তিদের উদ্দেশে চরিত্র গঠন, আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ়করণ এবং সর্বস্তরের ছাত্রদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 

























