জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ব্যবহৃত অতিরিক্ত ওজনের চেয়ারগুলোর সংস্কারের দাবি জানিয়েছেন এবং এর পেছনের কারণ ব্যাখ্যা করেছেন বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক। তার দাবি, চেয়ারগুলো এত ভারী করা হয়েছিল যেন কেউ সেগুলো তুলে নিক্ষেপ করতে না পারে। একইসঙ্গে, চেয়ারগুলোর উন্মুক্ত পিনের কারণে সংসদ সদস্যদের হাত কেটে যাওয়ার অভিযোগও করেন তিনি।
বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে জয়নাল আবদিন ফারুক বলেন, গত ১৬ বছর ধরে এই চেয়ারগুলোতে বসে অনেক এমপির কোমর, পিঠ ও হাতে সমস্যা দেখা দিয়েছে। চেয়ারগুলোর পেছনে প্রায় তিন ইঞ্চি ফাঁকা থাকায় আরাম করে বসা যায় না, এমনকি তরুণ এমপিরাও এতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।
চেয়ারের ওজন প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি যখন ১৯৯১ সালে প্রথম এমপি হয়েছিলাম, তখনও এই চেয়ারগুলো নিয়ে প্রশ্ন উঠেছিল। সম্ভবত সে কারণেই এগুলো লোহার শিকল দিয়ে বেঁধে এত ভারী করা হয়েছিল। তিনি দ্রুত এই সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
একই বক্তব্যে সংসদ ভবনে প্রবেশের সময় মাথা নত করার নিয়ম নিয়েও প্রশ্ন তোলেন জয়নাল আবদিন ফারুক। তিনি জানতে চান, বিশ্বের অন্যান্য দেশের সংসদে এমন নিয়ম থাকলেও এটি ইসলাম বা দেশের সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক কি না। এর জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, সংসদ ভবনে প্রবেশের সময় মাথা নত করার বিষয়টি পরে জানানো হবে।
রিপোর্টারের নাম 























