দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অভিনয় করা চিত্রনায়িকা জলি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য ২০২৬-২৮ মেয়াদের এই নির্বাচনে তিনি শিবা শানু এবং জয় চৌধুরী প্যানেল থেকে লড়বেন।
জলি বলেন, ‘আমি চলচ্চিত্রে অভিনয় করছি। চেষ্টা করেছি ভালো ভালো গল্পের সিনেমা দর্শককে উপহার দিতে। আমার অভিনীত বেশকিছু সিনেমা দর্শকপ্রিয়তাও পেয়েছে। প্রথম সিনেমা ‘অঙ্গার’ দিয়েই দর্শকের যে ভালোবাসা আমি পেয়েছিলাম, সেই ভালোবাসা ও অনুপ্রেরণা নিয়ে আজও চলচ্চিত্রের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আগামীতেও আরো ভালো ভালো কিছু গল্পের সিনেমা দর্শক পেতে যাচ্ছেন।’
তিনি আরো বলেন, ‘আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আমি কার্যকরী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। এরই মধ্যে আমি একজন প্রার্থী হিসেবে আমার কাজ শুরু করেছি। শিল্পীরা আমাকে অনেক ভালোবাসেন, এটি আমি বিগত দিনে গভীরভাবে অনুভব করেছি। আমি শিল্পীদের জন্য দায়িত্ব নিয়ে কিছু করতে চাই। আপাতত কার্যকরী সদস্য হিসেবে জয়লাভের মধ্য দিয়েই না হয় সেই যাত্রাটা শুরু হোক।’
প্রসঙ্গত, ‘অঙ্গার’ ছাড়াও জলি অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ‘ডেঞ্জার জোন’ প্রভৃতি।
রিপোর্টারের নাম 

























