সিরাজগঞ্জে মহাসড়কে দায়িত্ব পালনকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম নামে এক সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকের চালক হাবিবুর রহমানকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত এটিএসআই নুরুল ইসলাম সায়দাবাদ রেলওয়ে স্টেশন সংলগ্ন মহাসড়কের পাশে কর্তব্যরত ছিলেন। এসময় ঢাকামুখী একটি বেপরোয়া গতির ট্রাক উল্টো লেন দিয়ে এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকচাপায় এটিএসআই নুরুল ইসলামের মৃত্যু হয়েছে এবং চালক হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্টারের নাম 




















