প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত ‘নজরুলবর্ষ’ পালনের জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাংলা সাহিত্যে যে অবদান, তা বিগত ১৭ বছরে সেভাবে উপস্থাপিত হয়নি। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল এবং বর্তমান সরকারের অধীনে জাতীয় কবির সাহিত্যকর্ম ও দর্শনকে আরও ছড়িয়ে দিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুলবর্ষ পালনের এই ঘোষণা দেন।
প্রধানমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় নজরুলবর্ষ পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। মন্ত্রী জানান, জাতীয় পর্যায়ে নজরুল বর্ষ পালনের জন্য একটি কমিটি গঠন করা হবে। এছাড়াও, নজরুল বর্ষের লোগো, পোস্টার এবং ক্যালেন্ডার তৈরি করা হবে। স্মারক ডাকটিকিটও প্রকাশ করা হবে।
নজরুলবর্ষের উদ্বোধন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় দেশের ৬৪টি জেলায় এবং ৭৪টি প্রত্যন্ত বা বিশেষ উপজেলায় আগামী ১৮ থেকে ২০ জুন পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করবে। এই অনুষ্ঠান আয়োজনের জন্য চলতি অর্থ বছরের বাজেট থেকে সংশ্লিষ্ট জেলা ও উপজেলাগুলোতে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, নজরুলবর্ষ পালনের জন্য বছরব্যাপী নানা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। শুধু অনুষ্ঠান আয়োজনের মধ্যেই এই বছরটিকে সীমাবদ্ধ রাখা হবে না। নজরুলের সাহিত্যকর্ম, সংগীত ইত্যাদি বিষয়ে গবেষণার উদ্যোগও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে গ্রহণ করা হবে। পাশাপাশি, আন্তর্জাতিক পর্যায়েও নজরুলের সৃষ্টিকর্মকে ছড়িয়ে দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 

























