বাংলাদেশের আধুনিক গানের স্বর্ণযুগের অন্যতম শিল্পী সৈয়দ আব্দুল হাদীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গত ১২ জুন সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘কালজয়ী কণ্ঠ: শ্রদ্ধা ও ভালোবাসার সৈয়দ আব্দুল হাদী’ শিরোনামের এই আয়োজনটি প্রায় তিন ঘণ্টা ধরে চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা। স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
অনুষ্ঠানের শুরুতে শিল্পীর জীবন, কর্ম ও অবদানের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর প্রধান অতিথি সৈয়দ আব্দুল হাদীর হাতে রাষ্ট্রীয় সম্মাননা স্মারক তুলে দেন। পরবর্তীতে এই প্রজন্মের শিল্পী রাশেদ, অপু আমান, আতিক, নোলক, রাফি, স্বরলিপি, রাকা পপি, অনন্যা, স্মরণ, পুষ্পিতাসহ আরও বেশ কয়েকজন শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জনপ্রিয় গান পরিবেশন করেন। সমবেত সঙ্গীত ‘আছেন আমার মোক্তার’ শ্রোতাদের বিশেষ আনন্দ দেয়। অনুষ্ঠানের শেষ পরিবেশনা ছিল ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি’ গানটি, যা এই প্রজন্মের শিল্পীদের সঙ্গে সৈয়দ আব্দুল হাদী, লিনু বিল্লাহ, আবিদা সুলতানা, ফেরদৌস আরা এবং রুমানা ইসলাম একসঙ্গে গেয়ে উপস্থিত সকলকে মুগ্ধ করেন।
অনুষ্ঠান প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘আমি সকলের প্রশংসায় অত্যন্ত আনন্দিত। এই মনোমুগ্ধকর আয়োজনের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমিকে। আমি সবার প্রতি অনুরোধ জানাই, আমরা যেন আমাদের ভারে দেশটাকে ভারাক্রান্ত না করে ফেলি। আসুন আমরা সবাই দেশটাকে নিয়ে গভীরভাবে চিন্তা করি, দেশটাকে ভালোবাসি এবং দেশের জন্য সবাই মিলে কিছু করি। কারণ আমার দেশের মতো এত সুন্দর দেশ পৃথিবীর আর কোথাও নেই।’
অনুষ্ঠানে যন্ত্রশিল্পী হিসেবে ছিলেন তবলায় চন্দন দত্ত ও পল্লব স্যানাল, কী-বোর্ডে পার্থ প্রতীতম বাপ্পী ও কাইয়ূম, গিটারে টুটুল, সামু ও রিচার্ড কিশোর, বাঁশিতে মনিরুজ্জামান ও মামুন, বেহালায় সুনীল ও বাদশা এবং ড্রামসে পুলক।
রিপোর্টারের নাম 

























