‘নতুন নাটক, নতুন সময়-মঞ্চে জাগুক মানুষের কথা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমি শুরু করেছে ৮ দিনব্যাপী এক বর্ণাঢ্য নাট্যোৎসব। আজ থেকে ১৯ জুন পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হল মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। শিল্পকলা একাডেমি সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
আয়োজকরা জানান, এবারের উৎসবে বিশেষভাবে স্থান পেয়েছে ২০২৫ সালে প্রথম মঞ্চস্থ হওয়া নাটকগুলো থেকে নির্বাচিত প্রযোজনা। ৮ দিনব্যাপী এই আয়োজনে প্রতিদিন একটি করে মোট আটটি নাটক মঞ্চস্থ হবে। উৎসবের উদ্বোধনী দিনে দর্শকদের জন্য মঞ্চস্থ হবে দিনাজপুর নাট্য সমিতির বহুল আলোচিত নাটক ‘চোরের নাম চরণদাস’।
পরবর্তীতে পর্যায়ক্রমে দর্শকরা উপভোগ করতে পারবেন ইয়াং বংহুং থিয়েটারের ‘রিনা পুং’, দৃশ্যকাব্যের ‘ইডিপাস’, হান্ট থিয়েটারের ‘ক্যাফে দ্য ভলতে’, প্রাচ্যনাটের ‘ব্যতিক্রম ও নিয়ম’, ঢাকা থিয়েটারের ‘রঙমহল’, নাট্যায়ন সিলেটের ‘মহাকালের অন্তর্যাত্রা’ এবং শব্দ থিয়েটারের ‘দি গ্রেট স্মাগলার’। প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চায়ন শুরু হবে।
দর্শকরা টিকিটের মাধ্যমে এই নাটকগুলো উপভোগ করতে পারবেন। এছাড়া, নাটক শুরুর পূর্বে সন্ধ্যা সাড়ে ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে বাংলা নাটকের গানের একটি বিশেষ পরিবেশনা অনুষ্ঠিত হবে, যা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
নাট্যোৎসবের একটি বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নবীন নাট্য নির্দেশকদের জন্য একটি কর্মশালা। ‘সমকালীন বিশ্ব বাস্তবতায় নাট্যসৃজন: দর্শন, নন্দন ও কৃৎকৌশল’ শীর্ষক এই কর্মশালা আগামী ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় নাট্যশালায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ নির্দেশকদের নাট্যপ্রযোজনার দর্শন, নন্দনতত্ত্ব এবং নির্মাণকৌশল বিষয়ে বিশেষজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে শিল্পকলা একাডেমি জানিয়েছে।
রিপোর্টারের নাম 

























