ভেনেজুয়েলার কুখ্যাত আন্তঃদেশীয় অপরাধী চক্র ‘ট্রেন দে আরাগুয়া’-র প্রধান হেক্টর রুস্তেনফোর্ড গেরেরো ফ্লোরেস ওরফে ‘নিনো গুয়েরেরো’ মার্কিন এক সামরিক অভিযানে নিহত হয়েছেন। শুক্রবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে এই দাবি করেন। তিনি জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই ‘দ্রুত ও প্রাণঘাতী’ অভিযান চালানো হয়েছে।
ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, এই অভিযানের ফলে ট্রেন দে আরাগুয়ার সন্ত্রাসীরা আর কোথাও নিরাপদ আশ্রয় পাবে না। তবে অভিযানটি ঠিক কোথায় পরিচালিত হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। পোস্টের সঙ্গে প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিওতে একটি ভবনে বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেলেও কোনো ব্যক্তির ছবি সেখানে স্পষ্টভাবে দেখা যায়নি।
উল্লেখ্য, ‘ট্রেন দে আরাগুয়া’ সংগঠনটিকে যুক্তরাষ্ট্র আগেই একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এই চক্রটি কলম্বিয়া, পেরু এবং চিলিসহ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে সক্রিয়। ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের সহযোগিতায় চালানো এই হামলাকে ট্রাম্পের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















