ভোলার দৌলতখানে চাঞ্চল্যকর মিতু হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের মিতুর নিজ গ্রাম কবিরাজবাড়ির সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় শত শত নারী-পুরুষ খুনিদের ফাঁসির দাবিতে বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, গত ৪ জুন সুমাইয়া আক্তার মিতুকে তার স্বামী সোহাগ ও শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। এখন এই ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন নিহতের স্বজনরা।
নিহত মিতুর পরিবার জানায়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মিতুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। মোটরসাইকেল ও নগদ টাকা দেওয়ার পরেও তাদের চাহিদা শেষ হয়নি। অন্যদিকে, ভোলা জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তবে হত্যার রহস্য উদঘাটনে তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 
























