ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদকসহ হর্ষা সানি (২৮) নামে এক মডেলকে গ্রেপ্তার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ব্যাংকক থেকে আসা ওই নারীর ব্যাগ তল্লাশি করে প্রায় ১৫ কোটি ২৮ লাখ টাকা মূল্যের উচ্চমানের ‘হাইড্রোপনিক মারিজুয়ানা’ বা গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত হর্ষা সানি ‘মিসেস কেরালা ২০২৫’ প্রতিযোগিতার একজন সাবেক প্রতিযোগী বলে জানা গেছে।
কাস্টমস কর্মকর্তারা জানান, গত ১০ ও ১১ জুনের মধ্যরাতে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মুম্বাই পৌঁছান হর্ষা। বিমানবন্দরে তার আচরণ সন্দেহজনক মনে হলে এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ) ও কাস্টমস কর্মকর্তারা তাকে থামিয়ে তল্লাশি চালান। এসময় তার ট্রলি ব্যাগের ভেতর ভ্যাকুয়াম-সিল করা ১২টি প্লাস্টিকের প্যাকেট পাওয়া যায়, যাতে ১১ কেজির বেশি মাদক লুকানো ছিল। ল্যাব পরীক্ষায় উদ্ধারকৃত পদার্থগুলো উচ্চমানের গাঁজা হিসেবে শনাক্ত করা হয়।
মাদক জব্দের পর হর্ষা সানিকে এনডিপিএস আইনের আওতায় গ্রেপ্তার দেখিয়ে ফোর্ট আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই বিশাল মাদকের চালান মুম্বাইয়ের স্থানীয় বাজারে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল কি না এবং আন্তর্জাতিক কোনো পাচারকারী চক্র এর পেছনে জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 

























