দেশের জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করে আগামী আগস্ট মাসের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে। শুক্রবার (১২ জুন) পাবনার ঈশ্বরদীতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ২০২৭ সালের এপ্রিল মাসের মধ্যে প্রকল্পের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি বা নিউক্লিয়ার ফুয়েল লোডিং সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, পারমাণবিক শক্তিতে বাংলাদেশের এই বিনিয়োগ কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বরং এটি জাতীয় উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির পথে এক বিশাল মাইলফলক। রূপপুর কেন্দ্রটি যখন পূর্ণ সক্ষমতায় চালু হবে, তখন জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এটি দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আরও উল্লেখ করেন, পারমাণবিক শক্তির ব্যবহার শুধু বিদ্যুৎ খাতেই সীমাবদ্ধ থাকবে না; চিকিৎসা বিজ্ঞানে ক্যানসার নির্ণয়, কৃষি উন্নয়ন ও গবেষণার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রযুক্তির সফল বাস্তবায়নে দক্ষ মানবসম্পদ তৈরি এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
রিপোর্টারের নাম 




















