বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনকে আহ্বায়ক এবং ড্যাব নেতা আজিজ রহিমকে সদস্যসচিব করে বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- লঞ্চ ব্যবসায়ী আজিজুল হক আক্কাস, সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, বিএনপি নেতা আলতাফ মাহমুদ সিকদার, বেগম ফয়জুন নাহার শেলী, আমিনুর রহমান চৌধুরী মামুন, সাদিকুর রহমান লিংকন, জি এম আতায়ে রাব্বি ও মিজানুর রহমান চুন্নু।
নবগঠিত কমিটির সদস্য ছাত্রনেতা আতায়ে রাব্বি জানান, প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন হার্ট ফাউন্ডেশনকে নতুন করে সাজাতে চান। এই কমিটি হৃদ্রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রসঙ্গত, ২০০২ সালে নগরের ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোডে বরিশাল হার্ট ফাউন্ডেশন নির্মাণ করা হয় এবং ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর এটি উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। প্রতিষ্ঠার পর কয়েক বছর রোগীদের সেবায় সচল থাকলেও বর্তমানে সেখানে মাঝেমধ্যে টিকাদান কর্মসূচি ছাড়া হার্টের কোনো চিকিৎসা হয় না। নতুন কমিটি এই অচলাবস্থা কাটিয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























