কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। শনিবার (১৩ জুন) বিকেলে চকরিয়া উপজেলা সদরের শহীদ আব্দুল হামিদ পৌর বাসটার্মিনালে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর তাঁর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে স্থানীয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার বিকেলে জনসভাস্থল ও বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। তিনি প্রশাসনের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেন। চকরিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জনসভাকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
সফরের নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার সকালে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী পিএমখালীতে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সাথে সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া নবগঠিত মাতামুহুরি উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে তাঁর এই ব্যস্ত সফর শেষ হবে।
রিপোর্টারের নাম 























