সরকার খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক সম্মানী ভাতা বাড়াতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তিনি এই প্রস্তাব করেন।
প্রস্তাব অনুযায়ী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক সম্মানী ভাতা পাঁচ হাজার টাকা বাড়ানো হবে। এর ফলে বীরশ্রেষ্ঠ পরিবারের মাসিক সম্মানী বেড়ে ৪০ হাজার টাকা, বীর উত্তম পরিবারের ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীক পরিবারের ২৫ হাজার টাকা হবে। তবে, সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২০ হাজার টাকা অপরিবর্তিত থাকছে। এর পাশাপাশি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, চিকিৎসাসেবা এবং দাফনে অনুদানসহ অন্যান্য সুবিধাগুলোও অব্যাহত থাকবে।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের তথ্যমতে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর গেজেটের মাধ্যমে সাতজন বীরশ্রেষ্ঠ, ৬৮ জন বীর উত্তম, ১৭৫ জন বীর বিক্রম এবং ৪২৬ জন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত হয়েছিলেন।
অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় আরও জানান যে, সরকার বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে আগামী অর্থবছরে ৪ হাজার ৭৩০টি বীর নিবাস নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারদের মাসিক যে অর্থ প্রদান করা হচ্ছে, তা অব্যাহত থাকবে। বর্তমানে শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। এ, বি, সি ক্যাটাগরিতে আহত ব্যক্তিদের যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হচ্ছে। তবে, আগামী বাজেটে জুলাই গণ-অভ্যুত্থানের ভাতাভোগীর সংখ্যা ১ হাজার ৮৫৭ জন বাড়িয়ে মোট ১৬ হাজার ৫১৩ জনকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















