২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে। ইতিহাসে এই প্রথম তিনটি স্বাগতিক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় একযোগে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপের পর্দা উঠছে। আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের এটি দ্বিতীয়বার (১৯৯৪ সালের পর), মেক্সিকোর তৃতীয়বার (১৯৭০ ও ১৯৮৬ সালের পর)। অন্যদিকে কানাডা প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক দেশের মর্যাদা পাচ্ছে। এবারের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর, যেখানে ১৬টি শহরে রেকর্ড ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মেক্সিকো সিটি থেকে ১১ জুন উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হয়ে নিউইয়র্কে ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই আসর।
কী থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে? মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে আয়োজিত তিনটি অনুষ্ঠান একটি অভিন্ন থিমের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে। এর উদ্দেশ্য হলো তিন স্বাগতিক দেশের ঐক্য তুলে ধরা, একই সঙ্গে তাদের নিজস্ব সংস্কৃতি, পরিচয় ও সৃজনশীলতাকে বিশ্বের সামনে উপস্থাপন করা। প্রতিটি অনুষ্ঠান সংশ্লিষ্ট দেশের উদ্বোধনী ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে শুরু হবে। অনুষ্ঠানগুলোর সৃজনশীল পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মার্কো বালিচ, যিনি অলিম্পিকসহ বিশ্বের বিভিন্ন বড় ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা রাখেন। তার পরিকল্পনায় তিনটি অনুষ্ঠান আলাদা বৈশিষ্ট্য ধারণ করলেও মূল বার্তা একটাই—ফুটবল মানুষের মধ্যে সীমান্ত পেরিয়ে ঐক্যের বন্ধন তৈরি করে।
কানাডার অনুষ্ঠানে তুলে ধরা হবে দেশটির বহুসাংস্কৃতিক বৈচিত্র্য। মেক্সিকো উপস্থাপন করবে তাদের ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’ শিল্পরীতি। আর যুক্তরাষ্ট্রের আয়োজন সাজানো হবে ঝলমলে ও আধুনিক ভিজ্যুয়াল উপস্থাপনায়। বালিচ বলেন, “মেক্সিকো সিটি থেকে শুরু করে টরন্টো ও লস অ্যাঞ্জেলেস পর্যন্ত এই অনুষ্ঠানগুলো সংগীত, সংস্কৃতি ও ফুটবলকে এক সুতোয় গেঁথে প্রতিটি দেশের স্বাতন্ত্র্য এবং বিশ্বকাপের ঐক্যের বার্তা তুলে ধরবে। একটি বৈশ্বিক উৎসবের জন্য এর চেয়ে শক্তিশালী সূচনা আর হতে পারে না।”
দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী, মেক্সিকো সিটির অনুষ্ঠান চলবে প্রায় ১৬ মিনিট ৩০ সেকেন্ড। টরন্টো ও লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠান হবে প্রায় ১৩ মিনিটের। অনুষ্ঠান শেষে দলগুলো মাঠে নেমে ওয়ার্মআপ করবে। ম্যাচ শুরুর ২৫ মিনিট আগে শুরু হবে আনুষ্ঠানিক প্রি-ম্যাচ কার্যক্রম, যার মধ্যে থাকবে খেলোয়াড়দের মাঠে প্রবেশ ও পরিচয় পর্ব। উদ্বোধনী ম্যাচগুলোতে কোনো বিশেষ পারফরম্যান্স থাকছে না বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 






















