বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করতে ব্যর্থ হলেও পর্তুগাল দল জয় পেয়েছে। বুধবার রাতে লেইরিয়াতে অনুষ্ঠিত ম্যাচে নাইজেরিয়াকে ২-১ গোলে পরাজিত করে আত্মবিশ্বাসের সাথে বিশ্বকাপের মূল পর্বে প্রবেশ করেছে রবার্তো মার্তিনেজের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা পর্তুগাল নবম মিনিটে গোলের একটি সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। তবে ২৩ মিনিটে পেদ্রো নেতোর দুর্দান্ত গোলে স্বাগতিকরা এগিয়ে যায়। ডি-বক্সের বাঁ দিক থেকে নেওয়া চেলসি উইঙ্গারের নিখুঁত শট নাইজেরিয়ার গোলরক্ষকের কোনো সুযোগই দেয়নি। পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যাওয়া নাইজেরিয়া ৩৭ মিনিটে আকোর অ্যাডামসের গোলে সমতা ফেরায়। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
বিরতির পর কোচ রবার্তো মার্তিনেজ দলে বড় পরিবর্তন আনেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোলের সুযোগ পান রোনালদো, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ হতে হয় তাকে। ৬৫ মিনিটে কোচ তাকে তুলে নেন। রোনালদো মাঠ ছাড়ার পরও পর্তুগাল আক্রমণ অব্যাহত রাখে। ম্যাচের ৭৫ মিনিটে বদলি হিসেবে নামা ফ্রান্সিসকো কনসেইসাও ডান প্রান্ত থেকে দারুণভাবে বক্সে ঢুকে বাঁকানো শটে নাইজেরিয়ার জালে বল জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে চিলির বিপক্ষেও একই ব্যবধানে জয় পেয়েছিল পর্তুগাল। টানা দুই প্রস্তুতি ম্যাচে জয় পাওয়ায় বিশ্বকাপের আগে দারুণ ছন্দে রয়েছে দলটি। এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে রোনালদোর রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ। আগামী ১৭ জুন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।
রিপোর্টারের নাম 
























