বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির প্রতি গভীর ভালোবাসা থেকে কুষ্টিয়ার ভেড়ামারার তরুণ শিল্পী শরিফুল শেখ এক বিশাল দেয়ালজুড়ে তার প্রতিকৃতি এঁকে স্থানীয়ভাবে আলোড়ন সৃষ্টি করেছেন। তার আঁকা এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন তিনি। প্রতিদিন অসংখ্য মানুষ সেখানে ভিড় করছেন, ছবি তুলছেন এবং শিল্পীর সৃজনশীলতাকে সাধুবাদ জানাচ্ছেন।
ভেড়ামারা উপজেলার বাহাদূরপুর এলাকার আড়কান্দি বাজার সংলগ্ন কয়েকটি দোকানের ফাঁকা দেয়ালে প্রায় ১৬ ফুট বাই ১০ ফুট জায়গা জুড়ে নিজ খরচে চারটি বড় আকারের ছবি এঁকেছেন শরিফুল। এর মধ্যে দুটি রঙিন এবং দুটি সাদা-কালো প্রতিকৃতি রয়েছে। কোনো ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক আর্থিক সহায়তা ছাড়াই সম্পূর্ণ ভালোবাসা ও আবেগ থেকে তিনি এই কাজটি করেছেন। পেশায় একজন কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে পরিচিত শরিফুল, ভেড়ামারায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ড্রইং শিক্ষক হিসেবেও কর্মরত।
শরিফুল শেখ জানান, ২০০২ সাল থেকে তিনি আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। সময়ের সাথে সাথে লিওনেল মেসির খেলা, ব্যক্তিত্ব ও সংগ্রামের গল্প তাকে মুগ্ধ করেছে, যার ফলে তার প্রতি ভালোবাসা আরও গভীর হয়েছে। তিনি বলেন, গত বিশ্বকাপের সময়ও মেসির একটি ছবি এঁকেছিলেন এবং এবারও সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ও ভালো লাগা থেকেই এই কাজটি করেছেন, যার কোনো বাণিজ্যিক উদ্দেশ্য ছিল না।
আর্জেন্টিনা সমর্থক হাসান বলেন, এই উদ্যোগ কেবল ফুটবলপ্রেমই নয়, শিল্পচর্চারও এক উজ্জ্বল দৃষ্টান্ত। অনেক পরিবার পরিজন নিয়ে ছবি দেখতে আসছেন এবং শিল্পীর সাথে স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন। মোস্তফা হোসেনের মতে, গ্রামাঞ্চলে এমন বড় ক্যানভাসে আন্তর্জাতিক তারকার প্রতিকৃতি সচরাচর দেখা যায় না, যা শরিফুল শেখের আঁকা মেসির ছবি এলাকার মানুষের মধ্যে নতুন ধরনের আগ্রহ তৈরি করেছে। উল্লেখ্য, শরিফুল শেখের শিল্পীজীবন কেবল মেসির প্রতিকৃতিতেই সীমাবদ্ধ নয়; তিনি জাতীয় কবি, সাহিত্যিক, বাউল সম্রাট ফকির লালন শাহসহ বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রতিকৃতি এঁকেও পরিচিতি লাভ করেছেন।
রিপোর্টারের নাম 

























