বিশ্বকাপ শুরুর প্রাক্কালে ইংল্যান্ড দল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ডিফেন্ডার জন টেরি। তার মতে, বর্তমান স্কোয়াডে থাকা অন্তত ১১ জন ফুটবলার বিশ্বকাপ জেতার মতো মানের নন। একই সঙ্গে ইংল্যান্ড কোচ টমাস টুখেলের কয়েকটি সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
একটি সাক্ষাৎকারে টেরি বলেন, ‘ইংল্যান্ডের বর্তমান দলটি প্রতিভাবান হলেও স্কোয়াডের বড় একটি অংশ বিশ্বকাপ জয়ের জন্য যথেষ্ট শক্তিশালী নয়।’ তার মতে, টুখেল স্কোয়াড নির্বাচনে তিন থেকে চারটি বড় ভুল করেছেন, যার প্রভাব টুর্নামেন্টে দেখা যেতে পারে। বিশেষ করে কয়েকজন অভিজ্ঞ তারকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি টেরি।
তার বিশ্বাস, ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার, মিডফিল্ডার কোল পামার এবং আক্রমণভাগের ফিল ফোডেনকে বিশ্বকাপ দলে রাখা উচিত ছিল। এই তিনজনের অভিজ্ঞতা ও সামর্থ্য ইংল্যান্ডকে আরও শক্তিশালী করতে পারত বলে মনে করেন তিনি। টুখেলের ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে বেশ কয়েকজন তরুণ ফুটবলার সুযোগ পেয়েছেন। তবে টেরির মতে, বড় টুর্নামেন্টে শুধু সম্ভাবনা নয়, অভিজ্ঞতারও প্রয়োজন রয়েছে। বিশ্বকাপের চাপ সামলাতে অভিজ্ঞ খেলোয়াড়দের গুরুত্ব অনেক বেশি।
ইংল্যান্ডকে এখনো শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হলেও সাম্প্রতিক সময়ে দল নির্বাচন নিয়ে দেশটির ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। সাবেক খেলোয়াড় ও বিশ্লেষকদের অনেকেই টুখেলের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সমালোচনা নিয়ে খুব একটা চিন্তিত নন টুখেল। বিশ্বকাপের আগে তিনি জানিয়েছেন, তার দল স্বপ্ন দেখছে এবং বড় কিছু করার বিশ্বাস রাখছে। যদিও নিজেও স্বীকার করেছেন, ইংল্যান্ডকে এখনই টুর্নামেন্টের প্রধান ফেবারিট বলা যাবে না।
রিপোর্টারের নাম 

























