বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচেও দাপুটে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসি বেঞ্চ থেকে নেমে গোল করার পাশাপাশি দলকে বড় জয়ে নেতৃত্ব দিয়েছেন। তার অনুপ্রেরণায় আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশনের আগে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
মঙ্গলবার আলাবামার অবার্নে অনুষ্ঠিত ম্যাচে, ম্যাচের শুরুতে কিছুটা চাপে পড়েছিল আর্জেন্টিনা। তবে অষ্টম মিনিটেই বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে ভ্যালেন্টাইন বার্কো আর্জেন্টিনাকে এগিয়ে দেন। পেশির চোট থেকে সেরে ওঠা মেসিকে শুরুতে বেঞ্চে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা ম্যাচে প্রভাব ফেলেন। তার নিখুঁত পাসে লাউতারো মার্টিনেজ পেনাল্টি আদায় করেন এবং স্পট কিক থেকে কোনো ভুল না করে মেসি ব্যবধান দ্বিগুণ করেন।
মেসির প্রভাব এখানেই শেষ হয়নি। ম্যাচের শেষ দিকে মেসি ও লাউতারোর চমৎকার সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে তৃতীয় গোলটি করেন থিয়াগো আলমাদা। তার গোলেই ৩-০ ব্যবধানের স্বস্তিদায়ক জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে আগের প্রস্তুতি ম্যাচে মেসি খেলেননি। তবে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে গোল করার পাশাপাশি আক্রমণে গতি এনে বিশ্বকাপের আগে নিজের ফিটনেস নিয়েও ইতিবাচক বার্তা দিলেন তিনি। দুই প্রস্তুতি ম্যাচে টানা জয় নিয়ে এবার বিশ্বকাপের মূল মঞ্চে নামবে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে স্কালোনির দল।
রিপোর্টারের নাম 

























