নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ইসলামী ব্যাংকে অস্থিরতা দেখা দিয়েছে। গত সাত দিনে ব্যাংকটি চার হাজার ২৪০ কোটি টাকা আমানত হারিয়েছে, যা তাদের তারল্য সংকট আরও বাড়িয়ে দিয়েছে। এর ফলে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকে নগদ জমা বা সিআরআর (CRR) রাখতে ব্যর্থ হয়েছে। সংকট মোকাবেলার জন্য ব্যাংকটি গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ ধার চেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী জানিয়েছেন, ইসলামী ব্যাংকের চলমান পরিস্থিতি কেন্দ্রীয় ব্যাংক তীক্ষ্ণ পর্যবেক্ষণে রেখেছে এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, ব্যাংকটি তারল্য সহায়তা চেয়ে একটি আবেদন করেছে, তবে এখনো টাকা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
ইসলামী ব্যাংক সূত্রমতে, গত ৩১ মে ব্যাংকের আমানত স্থিতি ছিল এক লাখ ৮৪ হাজার ৩৮২ কোটি টাকা, যা ৭ জুন কমে দাঁড়িয়েছে এক লাখ ৮০ হাজার ১৪১ কোটি টাকা। গত এক মাসে ব্যাংক আমানত হারিয়েছে ছয় হাজার ৭৭৮ কোটি টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংকে তাদের হিসাবে এখনো টাকা রয়েছে। তবে সিআরআর ঘাটতি এবং আগাম প্রস্তুতির অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে। চলতি হিসাবে তাদের সাত হাজার ১৫ কোটি টাকার বেশি থাকলেও তা কমে দুই হাজার ৬০০ কোটি টাকায় নেমেছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রমতে, ইসলামী ব্যাংকের প্রায় পাঁচ হাজার কোটি টাকার সিআরআর রাখতে হয়। কিন্তু জমার চেয়ে বেশি উত্তোলন হওয়ায় তারা তা রাখতে পারছে না। আগামী দুদিন উত্তোলনের চাপ থাকলে তাদের চলতি হিসাব নেতিবাচক প্রভাব পড়তে পারে।
রিপোর্টারের নাম 

























