কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচাবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে জুনাব আলী ডিগ্রি কলেজের সামনে একদল দুর্বৃত্ত ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এই অতর্কিত হামলা চালায়। কুমিল্লা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মহাসড়কে থ্রি-হুইলার বা অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু চালক আইন অমান্য করে যানবাহন চালাচ্ছিলেন। হাইওয়ে পুলিশ তাদের বাধা দিলে চালক ও স্থানীয় কিছু যুবক উত্তেজিত হয়ে পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্থানীয় এক সাবেক রাজনৈতিক নেতার উস্কানিতে এই হামলার ঘটনা ঘটেছে।
ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ জানান, মহাসড়কে দায়িত্ব পালনকালে পুলিশের ওপর এই হামলার ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। ঘটনার সময় পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে নিরাপদ দূরত্বে সরে গেলে দুর্বৃত্তরা গাড়িটি ক্ষতিগ্রস্ত করে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 
























