মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে জাহানারা বেগম (৪৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারা ঘাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জাহানারা ওই গ্রামের মৃত সেন্টু শেখের স্ত্রী এবং তিন সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নদীতে গোসল করতে নামলে তীব্র স্রোতে তিনি তলিয়ে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে টংগিবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করে। পরবর্তীতে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মুন্সীগঞ্জ থেকে একটি বিশেষ ডুবুরি দল অভিযানে যোগ দেয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে নদীতে তল্লাশি চালানো হচ্ছে। স্রোতের কারণে উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হলেও নিখোঁজ ব্যক্তিকে খুঁজে না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 
























